বাগেটরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার গভীর রাতে ঝোড়ো বৃষ্টিতে বিদ্যুৎ না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মিটার থেকে বিদ্যুৎ লাইন পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।
চুরি হওয়ার তারের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক ভাঙারি দোকানিকে আটক করা হয়েছে। পুলিশের ধারণা, চুরি হওয়া তামার তারগুলো স্থানীয় কোনো ভাঙারি দোকানে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হতে পারে।
শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির বাড়ির সদস্যরা জানান, রাতে বৃষ্টির সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে পড়ে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে চোরচক্র সিসিটিভির ক্যামেরা এড়িয়ে বিদ্যুতের তার কেটে নিয়ে সটকে পড়ে। মঙ্গলবার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানান, অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান পুলিশ সুপার।


