৩ হাজার ভক্তের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত

৩ হাজার ভক্তের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত
আর্জেন্টিনার খুদে ভক্তদের শরীরে দলের পতাকা আঁকছেন হাসমত আলী। শনিবার সকালে বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিশ্বকাপ শুরুর পর থেকে বিনামূল্যে প্রায় তিন হাজার সমর্থকের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন চিত্রশিল্পী হাসমত আলী ওরফে টোকোন। পেশায় সাইনবোর্ড, ব্যানার ও বিলবোর্ড আঁকিয়ের কাজ করা হাসমতের বাড়ি পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায়।

রোববার রাতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে হাসমতের বাড়ির পাশে শিশু-কিশোরদের ভিড় দেখা যায়। তিনি একমনে সবার মুখ ও শরীরে রংতুলি দিয়ে আর্জেন্টিনার পতাকা আঁকছেন, পাশাপাশি অনেকে বাংলাদেশের পতাকাও আঁকিয়ে নিচ্ছেন। পতাকা আঁকাতে আসা বনগ্রাম মহল্লার সোহান, সজিব ও ফয়সাল জানায়, তারা আর্জেন্টিনা ও মেসিকে ভালোবাসে এবং ফাইনালে ওঠার আনন্দ উদযাপনে পতাকা আঁকতে এসেছে।

হাসমত আলী জানান, আর্জেন্টিনা দলের খেলার দিন দুপুর থেকে তার বাড়িতে ভক্তদের আনাগোনা শুরু হয়। দল জিতলে পরের দিন সকালেও অনেকে আসেন। আর্জেন্টিনার পাশাপাশি অন্য দলের ভক্তদের অনুরোধেও তিনি পতাকা আঁকেন।

হাসমত আলী বলেন, ‘আর্জেন্টিনাকে আমিও ভালোবাসি। তাই প্রিয় দলের পতাকা কেউ আঁকিয়ে নিতে চাইলে না করতে পারি না। রোববার রাতের ফাইনাল খেলা উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০০-৬০০ জনের শরীরে পতাকা আঁকতে পারব। এর আগের খেলাগুলো মিলিয়ে তিন হাজার জনের শরীরে এঁকেছি। আশা করি শেষ পর্যন্ত চার হাজারের বেশি পতাকা হয়তো আমাকে আঁকতে হবে।’

আর্জেন্টিনার সমর্থক ও বেড়া বাজারের ব্যবসায়ী এনামুল হক জানান, হাসমত আলীর এই নিখরচায় পতাকা এঁকে দেওয়ার উদ্যোগের কারণে গোটা এলাকায় উৎসবের পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভক্তদের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad