হ্যালোইন মানেই ভৌতিক সাজে চমকে দেওয়া। আর সেই আয়োজনে সবাইকে তাক লাগাতে প্রতিবছরই নতুন চমক নিয়ে হাজির হন জার্মান সুপারমডেল ও টিভি ব্যক্তিত্ব হাইডি ক্লুম। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিউইয়র্কে নিজের বার্ষিক হ্যালোইন পার্টিতে এবার বিশাল এক রক্তাক্ত বিচ্ছিন্ন হাতের রূপ নিয়ে হাজির হয়েছেন তিনি।
গত শনিবার অনুষ্ঠিত হয় ক্লুমের বহুল প্রতীক্ষিত এই আয়োজন। হ্যালোইন পার্টির ২৫ বছর পূর্তিতে এবার তার সাজে ছিল বাড়তি চমক। এমনই নিখুঁত ও ভয়ংকর ছিল সেই রূপ, প্রথম দেখায় তাকে চেনার উপায় ছিল না। বিশাল হাতের ভেতরে পুরো শরীর ঢেকে রেখেছিলেন তিনি। বাইরে থেকে শুধু দেখা যাচ্ছিল তার চোখ ও মুখ। মুখ থেকে ঝরছিল রক্ত, বের করে রেখেছিলেন জিহ্বাও। হাতের ওপরের অংশে ঝুলছিল রক্তাক্ত মাংসপিণ্ড, লিগামেন্ট ও টেন্ডনের মতো অংশ। তার সঙ্গে ছিলেন রক্তমাখা পোশাক পরা কয়েকজন সহকারী।

গত বছর ময়ূরের সাজে হাজির হয়েছিলেন এই তারকা। লেজের পালক হিসেবে সঙ্গে নিয়েছিলেন সার্ক দ্যু সোলেইয়ের কয়েকজন শিল্পীকে। আর স্বামী টম সেজেছিলেন ডিম।

হ্যালোইনে বিচিত্র সাজে হাজির হওয়ার এই ঐতিহ্য দুই দশকেরও বেশি সময় ধরে ধরে রেখেছেন ক্লুম। ২০২২ সালে কেঁচোর আদলে তৈরি পোশাক পরে পার্টিতে হাজির হয়ে রীতিমতো ভাইরাল হয়েছিলেন তিনি। সেবার মাছ ধরার বড়শিতে ঝোলানো অবস্থায় মেঝেতে গড়াতে গড়াতে প্রবেশ করেছিলেন অনুষ্ঠানে।




এ ছাড়া গ্রিক পুরাণের মেডুসা, বহুরূপী দেবী কালী, বিশাল ট্রান্সফরমার, নিজের মতো দেখতে একাধিক ক্লোন, বৃদ্ধ বয়সের নিজের প্রতিচ্ছবি, এমনকি ভিনগ্রহের প্রাণীর রূপেও দেখা গেছে তাকে।

কখনো প্রজাপতি, কখনো গরিলা, বিড়াল কিংবা দাঁড়কাক—সাজের বৈচিত্র্যে বারবারই চমকে দিয়েছেন ক্লুম। জনপ্রিয় চরিত্র জেসিকা র্যাবিট ও ‘শ্রেক’ সিনেমার ফিওনার রূপও ধারণ করেছেন তিনি।








প্রতিবছরই হ্যালোইন পার্টি শেষ হওয়ার আগেই পরের বছরের সাজ নিয়ে ভাবতে শুরু করেন ক্লুম।


