হাতপাখাকে বিজয়ী করলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: চরমোনাই পীর

হাতপাখাকে বিজয়ী করলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: চরমোনাই পীর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, নির্বাচনের আগে সব দল উন্নয়নের ফুলঝুড়ি দেখালেও ক্ষমতায় গেলে একদল ছাড়া আরেকদল ঘরে থাকতে পারে না, পালিয়ে বেড়াতে হয়।

শনিবার দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

চরমোনাই পীর বলেন, হাতপাখা প্রতীককে বিজয়ী করলে কাউকে আর বাড়িছাড়া হতে হবে না। দুর্নীতি দূর করা হবে, সন্ত্রাস নির্মূল করা হবে এবং দেশকে বিদেশিদের তাঁবেদারি থেকে মুক্ত করা হবে।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তি ও দল সংসদে আইন প্রণয়ন করে, সেই আইনেই দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি ভালো না হলে দেশ ভালোভাবে চলে না।

আরও পড়ুন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধেই সংগ্রাম করেছিল। গত ৫৪ বছরে পুরোনো আইন ও নিয়ম দেশকে কোথায় নিয়ে গেছে, তা সবাই জানে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। নির্বাচনের পরেও যদি আগের আইন ও নিয়মে দেশ চলে, তাহলে তরুণদের রক্ত বৃথা হয়ে যাবে।

চরমোনাই পীর বলেন, দেশের একমাত্র দল হিসেবে ইসলামী আন্দোলনই পুরোনো আইন ও নিয়ম পরিবর্তন করে ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছে। তাই তরুণ ও নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথম ভোট হোক ইসলামের পক্ষে, দেশ-জাতি ও মানবতার পক্ষে।

তিনি আরও বলেন, বাউফলের মাটিতে ইসলামের শেকড় গভীরভাবে প্রোথিত। এবারের নির্বাচনে তার প্রতিফলন দেখাতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad