সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার সলপ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিনা খাতুন সলপ পূর্বপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। তার বাবার নাম নুরনবী মণ্ডল। স্বামী পেশায় ভ্যানচালক। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রিনা খাতুন দীর্ঘদিন ধরে পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অসুস্থতা ও শারীরিক যন্ত্রণার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহতের স্বামী জাহাঙ্গীর আলম জানান, ভোর আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে তিনি ঘরের ভেতরে স্ত্রীকে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।


