কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই সম্মাননা দেওয়া হয়।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী বলেন, ‘গান আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদ। বাংলাদেশের গান নিয়ে আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামীতে ধারাবাহিকভাবে আয়োজনগুলো চলতে থাকবে।’
‘জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সংস্কৃতির ওপর কাজ করছি। আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করতে চাই। আর যে জাতি তার সংস্কৃতিকে অস্বীকার করেন, সে অন্যান্য আধিপত্যবাদী সংস্কৃতির কাছে দুর্বল হয়ে পড়ে’ বলেও মন্তব্য করেন তিনি।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে গান গেয়ে শোনান সাবিনা ইয়াসমিন। তিনি বিভিন্ন গানের পেছনের গল্প শ্রোতাদের সামনে তুলে ধরেন। গানে-গল্পে-আড্ডায় মেতে ওঠেন শ্রোতারা। গানের ফাঁকে বিভিন্ন প্রজন্মের শিল্পীরা সাবিনা ইয়াসমিনকে নিয়ে স্মৃতিকথা ও শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দেশবরেণ্য সংগীতশিল্পী, নবীন সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সংগীত অনুরাগীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।


