‘যে কোন মূল্যে’ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ৫ দল। বৃহস্পতিবার রাতে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা এই আহ্বান জানায়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্যাসিবাদ বিরোধী ৫টি দলের’ ওই বৈঠকে নেতারা বলেন, ‘কোন কুচক্রি মহল দেশের যাতে স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
‘অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুছের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেওয়ার’ বিষয়েও নেতারা একমত পোষণ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে গণঅধিকার পরিষদের নুরুল হক নুরু, ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, খেলাফত মজলিসের জালাল উদ্দিন আহমদ, এনসিপির আরিফুল ইসলাম আদিব প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ শফিকুর রহমান মোবাইল ফোনে এ বিষয়ে একমত পোষণ করেন।


