নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভে আবারও উত্তাল ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। বিক্ষোভ চলাকালীন পুলিশের টিয়ারশেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় শিল্প পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে হামিম গ্রুপের একটি কাভার্ডভ্যানে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংহপুরে নিউএজ কারখানার শ্রমিকরা কর্মবিরতি শেষে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কারখানার সামনে বিক্ষোভ ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ সময় হামীম গ্রুপের সামনে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ইটের আঘাতে আহত হন শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ। বেলা সোয়া ১১টার দিকে নদী ফিলিং স্টেশনে হামীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই অঞ্চলে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, পতিত সরকারের দোসররা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করে আন্দোলন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।


