নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুই জন হলেন–মান্দা উপজেলার ১২নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নবগ্রাম তালবোনার বাসিন্দা আব্দুল জলিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মান্দা থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে এই মাইকিংয়ের ঘটনা ঘটে।


