জেমস ম্যাডিসনের দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতে সোমবার কাভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রবার্তো ডি জারবির টটেনহ্যাম হটস্পার।
লন্ডনে ১৭ মাস পর টটেনহ্যামের শুরুর একাদশে ফিরেই দুর্দান্ত এক গোল করেন ম্যাডিসন। গত পুরো মৌসুম মাঠের বাইরে কাটানোর পর ফিরেছেন ডিয়ান কুলুসেভস্কিও।
দ্বিতীয়ার্ধের শুরুতে জ্যাক রুদোনি গোল করে সমতা ফেরান। তবে ৬০ মিনিটের ঠিক আগে ওমর মারমুশের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় বেন ডেভিস গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ম্যাডিসন বলেন, ‘আমি শুধু ভালো খেলতে চেয়েছিলাম। নিজের সামর্থ্য দেখাতে চেয়েছিলাম, দলকে কী দিতে পারি এবং আমার সর্বশেষ শুরুর একাদশে খেলার পর গত ১৮ মাস বা তার কাছাকাছি সময়ে দল আমাকে কতটা মিস করেছে, তা বোঝাতে চেয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘কোচ আমাকে খেলতে বলেছেন এবং তিনি চেয়েছিলেন সাইডলাইন থেকে আমার খেলা উপভোগ করতে। আশা করি, আমি তাকে সেই সুযোগ দিতে পেরেছি।’
টটেনহ্যামের এই প্লেমেকার মনে করেন, দলকে পয়েন্ট তালিকার ওপরের দিকে তুলে নিতে তিনি সহায়তা করতে পারবেন।
ম্যাডিসন বলেন, ‘আমার বয়স ২৯। সামনে খেলার জন্য এখনো অনেক বছর পড়ে আছে। নিজের সামর্থ্যরে ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আমি জানি, এই লিগে দলকে সাহায্য করার মতো যোগ্যতা আমার আছে।’
ম্যাচের আগে প্রিমিয়ার লিগের তলানিতে ছিল টটেনহ্যাম। গ্রীষ্মকালীন দলবদলে বিপুল অর্থ খরচ করেও ইংল্যান্ডের শীর্ষ ছয় বিভাগের মধ্যে একমাত্র দল হিসেবে চলতি মৌসুমে কোনো লিগ ম্যাচ জিততে পারেনি তারা।
মৌসুমের শুরুটা ঘুরিয়ে দিতে ডি জারবি তার দলকে স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারবেলায় নিয়ে গিয়ে অনুকূল আবহাওয়ায় অনুশীলন করান। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ কভেন্ট্রির বিপক্ষে জয়ের মধ্য দিয়ে সেই উদ্যোগের সুফল পেয়েছে দলটি।
২০২৫ সালের আগস্টে ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন ম্যাডিসন। এর মাত্র তিন মাস আগেও একই হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।
ম্যাচের ১৪ মিনিটে মোহাম্মদ কুদুসের দারুণ এক গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ডান দিক থেকে কুদুসের কাছ থেকে বল পেয়ে পেনাল্টি এলাকার ঠিক বাইরে থেকে বাঁকানো শটে কভেন্ট্রির গোলরক্ষক কার্ল রাশওয়ার্থকে পরাস্ত করে বল জালে পাঠান ম্যাডিসন। তার গোলে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্বাগতিক দলের সমর্থকেরা।
আধা ঘণ্টার মধ্যে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ম্যাডিসন। তবে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে কাছ থেকে গোল করে কভেন্ট্রিকে সমতায় ফেরান রুদোনি।
এর মাত্র নয় মিনিট পর আবারও এগিয়ে যায় টটেনহ্যাম। ম্যানচেস্টার সিটি থেকে ধারে খেলতে আসা মারমুশ দূর থেকে শক্তিশালী শটে গোল করেন।
২০২৫ সালের মে মাসে হাঁটুর চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে থাকা কুলুসেভস্কিকে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামানো হয়। মাঠে তার প্রত্যাবর্তনে স্বাগতিক সমর্থকেরা বিপুল করতালিতে তাকে স্বাগত জানান।
ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি এলাকার প্রান্ত থেকে বল জালে ঠেলে দিয়ে টটেনহ্যামের অভিজ্ঞ খেলোয়াড় ডেভিস দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে পয়েন্ট তালিকার ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ফলে মৌসুমের শুরুতে টানা ব্যর্থতার পর কিছুটা স্বস্তি পেয়েছেন কোচ ডি জারবি।


