ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে তারা অবরোধ শুরু করেন।
পরে মিরপুর-১১ ও ১২ নম্বর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও সড়কে অবস্থান নেন। এতে মিরপুরের এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা বেশ কয়েক দিন ধরে সড়ক অবরোধ করছেন। এর ধারাবাহিকতায় আজ সকালেও তারা অবরোধ করেছেন। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করছি।’
অবরোধের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্য দাবির পরিপ্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।


