মালয়েশিয়া ও চীনে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল ৫টা ১৬ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। সফর শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন। দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
সফরসূচি অনুযায়ী, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে গত সোমবার রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশনে যোগ দিয়ে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। দালিয়ান থেকে বুধবার দুপুরে চীনের ঐতিহ্যবাহী হাইস্পিড ট্রেনে চড়ে বেইজিং যান তিনি।
বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়া, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হয়। বেইজিংয়ে বাংলাদেশের ব্যবসা ও বাণিজ্য প্রসারের লক্ষ্যে আয়োজিত একটি মেগা বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী।


