নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। একই সঙ্গে একটি মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রীর দপ্তরও পরিবর্তন করা হয়েছে। শুক্রবার রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। এর আগে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পরে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।
নতুন চার মন্ত্রী হলেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। তাদের মধ্যে রশিদুজ্জামান মিল্লাত আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির (টেকনোক্র্যাট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
মন্ত্রিপরিষদ বিভাগের গেজেট অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য হয়। ওই পদে দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। অন্যদিকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দীপেন দেওয়ান। তবে তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নতুন মন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এতদিন এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জহির উদ্দিন স্বপন। তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
এদিকে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার দায়িত্বে বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। খলিলুর রহমান মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে রয়েছেন।


