ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণে আজ শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। এ সময় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহণ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে গত ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়। এ সময় প্রজননক্ষম ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
মৎস্য অধিদপ্তর জানায়, মা ইলিশের ডিম থেকে উৎপন্ন পোনা ৫ থেকে ৮ মাস বয়স পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করে। এ সময় পোনাগুলোকে রক্ষা করা জরুরি। নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সারা দেশে এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।


