বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরতে নাচ, গান ও আবৃত্তির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘বিস্ময়ের অভিযাত্রী, কণনের কোকিল’ শিরোনামে সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বসছে এই সাংস্কৃতিক আসর।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতে থাকবে আলোচনা পর্ব। এরপর একে একে মঞ্চে পরিবেশিত হবে নাচ, গান ও আবৃত্তি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
সাংস্কৃতিক পর্বের শুরুতে ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করবে সুইড বাংলাদেশ। রেশমি আবেদীনের কোরিওগ্রাফিতে পরিবেশিত হবে নৃত্যটি। এরপর চুয়াডাঙ্গার জেলা কালচারাল কর্মকর্তা সুজন রহমান একক কণ্ঠে গাইবেন ‘আলগা করো গো খোঁপার বাঁধন’।
ল্যাবরেটরি মডেল স্কুলের শিক্ষার্থীরা অমিত হাসানের নির্দেশনায় পরিবেশন করবে ‘এই রাঙামাটির পথে লো’ গানের সঙ্গে দলীয় নৃত্য। এরপর শারমিন আক্তার শিকু গাইবেন ‘আমার মনের কোণের বাইরে’। সায়মা শারমিন ইমার কণ্ঠে শোনা যাবে ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’।
এ ছাড়া রাফিয়া খন্দকারের কোরিওগ্রাফিতে ‘বিহুর এ লগন মধুর এ লগন’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করবে এক্সপ্রেশন ওয়েলফেয়ার সোসাইটি। একক সংগীত পরিবেশন করবেন শান্ত রহমান। আবৃত্তি করবেন শাহিন রেজা রাসেল। অনুষ্ঠানের শেষ পরিবেশনায় থাকবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দলীয় নৃত্য ‘আয় তব সহচরী হাতে হাত ধরি’। নৃত্যটির নির্দেশনায় রয়েছেন হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সরকারি সংগীত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলেয়া পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্ম সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ।


