যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির অন্যতম স্পন্সর পরিচালক মো. মাহমুদুল হক।
গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগেও ২০১২ সালে তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
নতুন করে এই পদে নির্বাচন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা, আর্থিক খাত সম্পর্কিত গভীর জ্ঞান এবং বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতারই প্রতিফলন।
চার দশকের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সফল এই উদ্যোক্তার ব্যবসা বিস্তৃত রয়েছে বস্ত্র ও তৈরি পোশাক, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ নানা খাতে। তিনি ১৯৯৪ সালে ‘আনলিমা ইয়্যার্ন ডাইং লিমিটেড’ প্রতিষ্ঠা করেন, যা দেশের দুটি প্রধান স্টক এক্সচেঞ্জেই তালিকাভুক্ত। বর্তমানে তার দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
ব্যবসার পাশাপাশি তিনি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ও বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। ভ্রমণপ্রিয় এই ব্যক্তিত্ব বিশ্বের অধিকাংশ দেশ ভ্রমণ করেছেন।
চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মাহমুদুল হক ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার।


