বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও সেবার মান বাড়াতে চারটি ডিজিটাল সেবা চালু করা হয়েছে।
বুধবার গাজীপুর ক্যাম্পাসে সেবাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন।
সেবাগুলো হলো: ‘মাই বাউবি মোবাইল অ্যাপ’, ‘ই-অ্যাটেনডেন্স সিস্টেম’, ‘এমপ্লয়ি স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেম’ ও ‘কমপ্লেইন্ট/সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম’। এতে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সেবা সহজ হবে। প্রশাসনিক কাজে গতি আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
প্রধান অতিথি অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘ডিজিটাল রূপান্তর সেবার মান ও স্বচ্ছতা বাড়ানোর গুরুত্বপূর্ণ মাধ্যম।’ তিনি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, তৃতীয় ভাষা শিক্ষা ও একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে গুরুত্ব দেন। ক্যাম্পাস টিভি চালু, শ্রেণিকক্ষের পাঠ সম্প্রচার ও বাউবিকে ‘স্টাডি বাংলাদেশ’ পোর্টালে যুক্ত করার সম্ভাবনার কথাও জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল ও কারিগরি দক্ষতায় সেবাগুলো তৈরি করা হয়েছে।’ তিনি জানান, দক্ষতাভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর জনশক্তি গড়তে আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক কেন্দ্রগুলোকে নেটওয়ার্কে আনা, সাইবার নিরাপত্তা জোরদার ও আন্তর্জাতিক মানের গবেষণার ওপরও তিনি জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সিরাজুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক শেখ রফিকুল ইসলাম বক্তব্য দেন।
সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্যাহ মাহামুদ। পরে প্রধান অতিথি বাউবির মিডিয়া সেন্টার পরিদর্শন করেন এবং প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রম পরিচালনায় ইউজিসির সহযোগিতার আশ্বাস দেন।


