রাজনীতিকে কেন্দ্র করে দুর্নীতির অবসান ঘটানোর তাগিদ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচন কখনো দুর্নীতিমুক্ত হয় না। নির্বাচনে অর্থের অপব্যবহারও বন্ধ করা যায় না।’
‘সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি অর্থায়ন বিষয়ে’ এক আলোচনা সভায় এমন কথা বলেন তিনি। রোববার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনাদয়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপদেষ্টা শারমীন মুরশিদ আরো বলেন, ‘৫৪ বছরে রাজনীতিকে কেন্দ্র করে কি পরিমাণ দুর্নীতি ঘটেছে! সেখান থেকে সরে আসার সময় এসেছে।’
‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের যে সীমা নির্ধারণ (সিলিং) করা হয়েছে, কখনোই তা মানা হয় না। এবারের নির্বাচনে যে এ বিষয়টি মানা হবে, সে বিষয়েও কেউ গ্যারান্টি দিতে পারেন না’, উল্লেখ করেন তিনি।
শারমীন মুরশিদের অভিযোগ, নির্বাচন বা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নে অর্থ ও পেশী শক্তি—এই দুই প্রধান বাধা।
তিনি আরো বলেন, ‘নির্বাচনে শত কোটি টাকা ব্যয়ের খেলা থেকে প্রথমেই আমি নারীদের বাদ দিচ্ছি, কারণ নারীদের সেই অর্থায়ন নেই।’
নারীর ক্ষমতায়নের প্রশ্নে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, ‘ব্যক্তি মানসিকতার পরিবর্তন করলে তা সমষ্টিগত ভাবে রাজনৈতিক দলগুলোতে পরিবর্তন নিয়ে আসবে। নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে রাজনৈতিক দলে এই পরিবর্তন আনতে হবে।’
বিভিন্ন রাজনৈতিক ফোরামে নারী প্রতিনিধির অংশগ্রহণ নগন্য থাকে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নারীদের এই কম অংশগ্রহণের দায় সবাইকে নিতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, ‘জাতীয় সংসদ থেকে শুরু করে তৃণমূলে নারীর অংশগ্রহণের মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।’
জুলাই অভ্যুত্থানে নারীরা প্রথম সারিতে ছিলেন, এ কথা মনে করিয়ে দিয়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘কিন্তু ঐক্যমত কমিশনে সিদ্ধান্তের বিষয়ে নারীদের কোনো অংশগ্রহণ ছিল না।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘নারীরা তাদের ভোট ব্যাংকের শক্তি এখনো প্রয়োগ করতে পারেনি। নারীর ঐক্যবদ্ধ হলে যে কোনো রাজনৈতিক দলকে হারিয়ে দিতে পারে।’
আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথরিন সিসিল বলেন, ‘সরকারি অর্থায়ন নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।’


