বরগুনার বামনা উপজেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তারের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা, রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করছি। মাঠের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠক চলছে।’
এ ছাড়া গণমাধ্যম ‘একটি দেশের আয়না’ উল্লেখ করে যাচাই-বাছাই করে সঠিক তথ্য পরিবেশন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নির্বাচনকে প্রভাবিত করতে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তাছলিমা আক্তার।
তিনি জানান, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য। জনগণের বাস্তব সমস্যা তুলে ধরতে প্রশাসন সবসময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী।
এ সময় প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২২টি ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা-ঘাট ও অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নদীভাঙন, বন্ধ ফেরি চালু, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নসহ কয়েকটি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পলাশ আহমেদ, বামনা উপজেলার সরকারি ১৭টি দপ্তর প্রধান, চেয়ারম্যান, শিক্ষক ও গণমাধ্যমকর্মী প্রমুখ।


