বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৪টার দিকে বগুড়া শহরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে শফিকুল (৪০), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় অন্য দুর্ঘটনায় খাদিজা (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খাদিজা এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ রইস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় নিহত দুজনের নাম ঠিকানা নিশ্চিত হতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে রোববার রাতে পাইকড় ইউনিয়নের বাসিন্দা আশরাফুল স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করতে তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও সাপিকুল ওরফে শফিকুল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। ভোর সোয়া ৪টার দিকে তারা হাসপাতালের গেটে প্রবেশের সময় একটি নাইট কোচ সিএনজিটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাত নিহত হন। এ ঘটনায় আহত হন আশরাফুল, রফিকুল ও নজরুল। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আশরাফুলকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এ প্রসঙ্গে পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ জানান, হতাহতরা তার স্বজন ও প্রতিবেশী। আহত তিনজন চিকিৎসাধীন। তাদের মধ্যে আশরাফুলের অবস্থা গুরুতর।
এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


