​ফুটবল খেলা নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

​ফুটবল খেলা নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার সীমান্তবর্তী এলাকার দুই গ্রামের লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

​সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রাম এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে আতকাপাড়া ও ষোলরশি গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দেন।

সোমবার বিকালে কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে ও এসএসসি পরীক্ষার্থী মো. হেদায়েতুল্লাহ ছয়সূতি হাইস্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পথে ষোলরশি গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরবর্তীতে স্থানীয় নেতাদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলে তিনি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad