ফিফা বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায় নেওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হুগো ব্রোস। একই সঙ্গে ফুটবল কোচিং থেকেও পুরোপুরি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৭৪ বছর বয়সী এই বেলজিয়ান কোচ।
ব্রোসের অধীনেই দক্ষিণ আফ্রিকা ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার গৌরব অর্জন করে। তবে শেষ ৩২-এর লড়াইয়ে কানাডার বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নেয় তারা। এই নকআউট ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচের রেকর্ড গড়েন ব্রোস।
বিশ্বকাপ শুরুর আগেই ব্রোস ঘোষণা দিয়েছিলেন টুর্নামেন্ট শেষেই তিনি অবসরে যাবেন। তবে কানাডার বিপক্ষে হারের পর কিছুটা সুর নরম করে টিকিয়ে রেখেছিলেন দায়িত্ব চালিয়ে যাওয়ার গুঞ্জন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন যখন তার উত্তরসূরি খোঁজা শুরু করে, তখনই কোচিং ক্যারিয়ারের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন তিনি। তবে অন্য কোনো ভূমিকায় দক্ষিণ আফ্রিকা ফুটবলকে সাহায্য করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি ব্রোস।
বেলজিয়ামের ফুটবল বিষয়ক একটি সংবাদমাধ্যমকে ব্রোস বলেন, ‘আমি কি আবারও কোচিংয়ে ফিরব? না, এই সিদ্ধান্ত আর বদলাবে না। তবে স্কাউটিংসহ অন্য কোনো ভূমিকায় যদি তাদের আমাকে প্রয়োজন হয়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু ফুটবল আর দিন-রাত ২৪ ঘণ্টা আমার জীবনের অংশ হয়ে থাকছে না।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে অন্য কোনো দায়িত্বে, যেমন উপদেষ্টা হিসেবে রেখে দিতে চান। জুলাইয়ের শেষে আমি চূড়ান্ত বিদায় নিতে সেখানে যাব। দেখি তারা কী প্রস্তাব দেয়।’
অবসর জীবন নিয়ে মজার ছলে ব্রোস বলেন, ‘আমার স্ত্রী খুশি যে আমি কোচিং ছাড়ছি, তবে সে আমাকে আগেই সতর্ক করে দিয়েছে–বাড়িতে সারাক্ষণ আমার কাজে যেন বাধা না দাও। তাই প্রতি দুই মাসে যদি কয়েক সপ্তাহের জন্য আমাকে দক্ষিণ আফ্রিকায় গিয়ে থাকতে হয়, তবে মন্দ কী? ঘরে বসে অলস সময় কাটিয়ে স্ত্রীর চোখের বালি হওয়ার চেয়ে সেটাই ভালো।’
২০২১ সালে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব নেন ব্রোস। স্বাগতিক হিসেবে ২০১০ সালের পর আর বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দক্ষিণ আফ্রিকাকে ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরিয়ে আনেন তিনি। ব্রোসের অধীনে দুবার আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) মূল পর্বে খেলে ‘বাফানা বাফানারা’। তার সময়ে ২০২৩ সালের টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা।


