চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. সজিব উদ্দিন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মো. রাকিব গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজপলার হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীরের ছেলে। আহত রাকিব তার নিকটবন্ধু। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলের পেছনের আসনে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজিব ও রাকিব মোটরসাইকেলে করে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। পথে হেঁয়াকো ইসলামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ট্রাকের চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। থানায় এখনো কোনো মামলা হয়নি।


