পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামীম আহসান ও বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কামরুজ্জামান খান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মোফাজ্জাল হোসেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়। আয়োজক কমিটির আহ্বায়ক রতন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম।
উপাচার্য বলেন, কেমিস্ট্রি অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তার পরিধি বাড়ানো, নতুন জ্ঞান অর্জন ও নিজেদের সম্ভাবনা আবিষ্কারের সুযোগ তৈরি করে। এ ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য অভিজ্ঞতা অর্জনেও সহায়ক।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি অর্জিত জ্ঞান মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে। নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখতে হবে। নতুন চিন্তা ও জ্ঞানের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই প্রকৃত সাফল্য।
আয়োজকদের উদ্দেশে উপাচার্য বলেন, শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। সবাই যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। গ্রামের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামীম আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন ও আয়োজক কমিটির আহ্বায়ক রতন কুমার পাল।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


