দেশ গঠনে কর্মকর্তা-কর্মচারীদের অবদান যথাযথ মর্যাদা ও স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে এবং যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন এলে দেশ উপকৃত হবে।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সারা বছর মানুষের জীবনে বিরাজ করবে। একই সঙ্গে তিনি বলেন, পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঈদ উদযাপনের ঐতিহ্য–সেমাই, শিন্নি ও পোলাওসহ নানা আয়োজন–সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
মন্ত্রী আরও বলেন, এই ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ গড়ে তোলা সবার দায়িত্ব।
দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইমাম উদ্দীন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


