সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পর বিষয়টি জানতে পেরেছেন বলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন। এতে দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে দূতাবাস দায়িত্ব পালন করেছে কি না, তা জনগণের কাছে স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, প্রবাসীদের স্বার্থ, দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট রয়েছে। মৃত্যুদণ্ডের মতো গুরুতর ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসের ভূমিকা নিয়ে সরকারের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
জামায়াতের আমির বলেন, প্রতিটি দেশ নিজস্ব আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে। তবে বিচারিক প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
ভবিষ্যতে কোনো প্রবাসী যেন আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে প্রবাসীদের সচেতন করার ওপর গুরুত্ব দেন।
শফিকুর রহমান আরও বলেন, যে অপরাধে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানা গেছে, প্রবাসীদের মধ্যে এমন অপরাধের প্রবণতা থাকলে তা প্রতিরোধে সরকার ও দূতাবাস কী উদ্যোগ নিয়েছে, সেটিও স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, ওই দুই ব্যক্তিকে নিয়ে আলোচনা-পর্যালোচনার চেয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করাই সবার জন্য উত্তম।


