সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে দণ্ড দেওয়া হয়েছে।
শনিবার সেতু বিভাগের অধীন কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার্থী মোঃ সাগর হোসেন তপুকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া অফিস সহায়ক পদের রোল নম্বর ১৪০১৭৫৬–এর মূল পরীক্ষার্থী রিপন মিয়ার পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার দায়ে দুই জনকে দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল বাসার এবং আমির ফয়সাল।
মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদপুর রাজস্ব সার্কেল তানজিলা জান্নাত রেটিনা।


