দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৩১৪ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ২৩৫ জন খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজনের মৃত্যু রেকর্ড করা হয়।
আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিচারে গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর ৬৪ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ২ শতাংশ নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে। এ সময়ের মধ্যে চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪০ হাজার ৭০৯ জন রোগী।
অন্যদিকে, এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১২১ জনের মৃত্যু হয়েছে। বছরের সামগ্রিক মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে প্রাণ হারানো রোগীদের মধ্যে ৫৬ দশমিক ২ শতাংশ নারী এবং ৪৩ দশমিক ৮ শতাংশ পুরুষ।


