শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে সাংবাদিকদের জানান আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
গত ২৮ জানুয়ারি বিকালে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন।
এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত রেজাউলকে ময়মনসিংহে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩০ জানুয়ারি ঝিনাইগাতী থানায় ৭৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত মাওলানা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ ও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।


