জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে অনলাইনে হয়রানির অভিযোগ ওঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগকারী শিক্ষার্থী ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের মনিষা সরকারের বক্তব্য অনুযায়ী, তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও হুমকিমূলক ভাষা ব্যবহার করে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী গোলাম রব্বানী। অভিযুক্ত শিক্ষার্থী ‘টুকো দি আগলি’ নামের একটি ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসের একটি দেয়াল গ্রাফিতিকে কেন্দ্র করে ঘটনার প্রকৃত সত্যতা যাচাই না করেই গোলাম রব্বানী একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ওই ভিডিওর মন্তব্য অংশে মনিষা সরকার যুক্তিসঙ্গত আপত্তি জানালে গোলাম রব্বানী তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর ভাষায় মন্তব্য করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মনিষা সরকার বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা লিখিত অভিযোগটি গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। আগামী সভায় এ নিয়ে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে অভিযুক্ত রব্বানী ভুক্তভোগীকে ব্যক্তিগতভাবে চেনেন না দাবি করে জানান, ওই শিক্ষার্থীকে হয়রানির কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি কেবল একটি মন্তব্যের জবাব দিয়েছেন। এই বিষয়টি নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি মন্তব্যের জবাবকে কেন্দ্র করে বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মনে করেন তিনি।
অবশ্য মন্তব্যের ঘরে নিজের বাজে শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন গোলাম রব্বানী। তিনি বলেন, ‘আমার মন্তব্যে ব্যবহৃত কিছু শব্দ আপত্তিকর হয়ে থাকলে আমি অনুতপ্ত এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর কাছে ক্ষমাপ্রার্থী।’


