চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের চাপায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যান।
নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি গত চার-পাঁচ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ে ফেরদৌসী খাতুনের (২৫) বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফেরদৌসী খাতুন ওই গ্রামের মো. মানিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হাতিকাটা গ্রাম এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি চলন্ত মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসটির নিচে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান জানান, দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


