চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শিমুল হোসেন (৩৬)।
রোববার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিমুল হোসেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের গাংপাড়া কলিম উদ্দিন গাইনের ছেলে এবং এক মেয়ের বাবা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। রোববার বেলা ১টার দিকে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। সাধারণত নদীতে গোসল করতে গিয়ে কিছু সময় পর বাড়িতে ফিরে আসার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে তাকে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন।
দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নদী থেকে শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন জানান, একজনের নদীতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।


