চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী ছেলেশিশুটির মৃত্যু হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। অপর শিশুটি চার বছর বয়সী এক মেয়েশিশু।
স্থানীয়রা জানান, শীতের মধ্যে সড়কের পাশে পড়ে থাকা দুই শিশুকে উদ্ধার করে প্রথমে নিজের কাছে রাখেন মহিম উদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন শিশু দুটিকে হেফাজতে নেয়।
গত মঙ্গলবার দুপুরে আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার দুই শিশুকে নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে যান। জেলা প্রশাসক তাদের চিকিৎসা ও যাবতীয় খরচের দায়িত্ব নেন। এ সময় মেয়েশিশুটিকে অটোরিকশাচালক মহিম উদ্দিনের জিম্মায় দেওয়া হয়। গুরুতর অসুস্থ হওয়ায় ছেলেশিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর তার মৃত্যু হলো।
পুলিশ জানিয়েছে, দুই শিশুর বাবা খোরশেদ আলম। তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হলেও তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ারবাজার এলাকায় রিকশা চালাতেন। তার স্ত্রীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। প্রায় ছয় মাস আগে স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান। এরপর আর ফেরেননি।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, মারা যাওয়া শিশুটির লাশ নিতে তার দাদি চট্টগ্রামে এসেছেন।
তিনি আরও বলেন, এতদিন শিশুটির সুস্থ হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। সে সুস্থ হয়ে উঠলে একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারতাম। যেহেতু মারা গেছে এখন তার দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপর শিশুটি তার দাদি চাইলে তাকে দেওয়া হবে। অন্যথায় সরকারি শিশু আশ্রমে রাখা হবে।


