হাইকোর্ট বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় এই গেজেট প্রকাশ করে। এর ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ সুগম হলো এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য সংসদ সচিবালয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটে জয়লাভ করলেও প্রার্থিতা সংক্রান্ত আইনি জটিলতা থাকায় দীর্ঘ পাঁচ মাস তার গেজেট প্রকাশ আটকে ছিল। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতাকে বৈধ বলে রায় দিলে সব আইনি বাধা দূর হয়।
এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তার আবেদন বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগে একই আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। এই আপিলের ভিত্তিতে কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।
হাইকোর্ট তখন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হলে আদালত রায় দেন যে, তিনি নির্বাচন করতে পারলেও চূড়ান্ত আইনি ফয়সালা না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে।
এর আগে ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


