দেশের চলমান বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় এইচএসসি ও সমমানের বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার রাতে দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই পাঁচ জেলার এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার তীব্রতা বিবেচনায় এনে এসব জেলার বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দেশের বাকি সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ডের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


