চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নুর ইসলামের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুর ইসলাম মিরসরাই পৌরসভার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন নুর ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুর ইসলাম কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর নুর ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


