গোপালগঞ্জে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ
Advertisement
Advertisement

গোপালগঞ্জ সদর উপজেলায় পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী মোর্শেদ শেখ এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন পুকুরমালিক নাসির উদ্দিন ফকির।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত বুধবার বিকালে অভিযুক্ত মোর্শেদ শেখ একটি পলিথিনের প্যাকেট থেকে পুকুরে বিষাক্ত ট্যাবলেট ফেলে দেন। বাধা দিতে গেলে তিনি নিগ্রহ করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা ফেলে যাওয়া প্যাকেটটিতে বিষাক্ত পদার্থের আলামত ও গন্ধ পান।

পুকুরমালিক জানান, সেখানে চাষ করা প্রায় দুই লাখ কই মাছের মধ্যে ৮০ শতাংশই মারা গেছে এবং পচে ভেসে ওঠায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মোর্শেদ শেখ দাবি করেছেন, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর