চীন–বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির অধ্যাপক ঝেং পেংউ স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন উপস্থিত ছিলেন।
সমঝোতার আওতায় কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী, শিক্ষা–শিল্প সংযোগ, শিল্প প্রশিক্ষণ ও বিশেষায়িত দক্ষতা উন্নয়নে কাজ করবে দুই পক্ষ।
এ ছাড়া চীন–বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং ‘বাংলাদেশ চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্লাস স্কিল ডেভেলপমেন্ট’ সহযোগিতা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
এই উদ্যোগ শিক্ষক প্রশিক্ষণ, ব্যবহারিক শিক্ষা, গবেষণা, শিল্প–শিক্ষা সংযোগ ও কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি। মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বিশ্বমানের প্রতিযোগিতামূলক কর্মশক্তিতে পরিণত হতে পারে।’
প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, ‘এই সমঝোতা বাংলাদেশ–চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে সুযোগে পরিণত করাই আমাদের লক্ষ্য।’


