র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ উত্থাপনের প্রস্তাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি মনে করে, বিলুপ্তির নামে মূলত নতুন মোড়কে অধিকতর ক্ষমতায়িত এবং কার্যত জবাবদিহিহীন একটি বাহিনীকেই আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা চলছে।
বিলে এই নতুন ইউনিটকে ব্যাপক ও অস্পষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে, যা মানবাধিকার সুরক্ষার জন্য চরম ঝুঁকিপূর্ণ বলেও মনে করে টিআইবি।
একই সঙ্গে অস্ত্র ও বলপ্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত আইনি সুরক্ষার অনুপস্থিতি এবং সন্দেহের ভিত্তিতে পরোয়ানা ছাড়াই তল্লাশি ও গ্রেপ্তারের সুযোগ রাখা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া সংস্থায় নিজস্ব অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করবে এবং স্বাধীন তদারকি বাধাগ্রস্ত করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
একই সঙ্গে র্যাবের বিদ্যমান জনবলকে যথাযথ নিরপেক্ষ যাচাই-বাছাই ছাড়া নতুন বাহিনীতে স্থানান্তরের সুযোগ এবং প্রেষণে সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তির বিধান বহাল রাখা আইনের মূল উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলেছে বলে জানিয়েছে টিআইবি।


