আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ জনের কারাদণ্ড

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৭ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন এসআরবি-২ এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিচালিত এ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়।

এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি বন্ধে আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-২-এর একটি আভিযানিক দল।

অভিযানে দালাল চক্রের সন্দেহে ১২ জনকে আটক করা হয়। পরে এসআরবির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধ বিবেচনায় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দুজনকে ৭ দিনের এবং চারজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক বাকি পাঁচজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি করে আসছিল। চক্রের সদস্যরা পাসপোর্টের ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণ, ভুল বা ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস এবং দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে টাকা নিয়েও পাসপোর্ট না দেওয়া এবং জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ পাওয়া যায়। আগারগাঁও পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে এসআরবি-২ এর অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad