নোয়াখালী সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা প্রায় ১৪শ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিন উদ্দিন জানান, চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মেঘনা নামে একটি তেলের গাড়ীসহ চরজনকে আটক করা হয়েছে।
এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উদয় সাধুর হাটের ‘আবদুল মালেক অয়েল স্টোরে’ অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করা হয়েছে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় অভিযুক্তদের আটক করা হয়। সেইসঙ্গে একটি লাল রঙের তেলবাহী ভাউচার গাড়িও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রহ্মপুর গ্রামের মো. রাশেদ (৩৮), চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তারা সবাই সুধারাম থানা এলাকার বাসিন্দা। অধিক মুনাফার আশায় তারা অবৈধ উপায়ে ডিজেল মজুত করছিলেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।


