পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, তিনি পাবনা থেকে ঢাকার বাসায় ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা একটি মামলায় জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আব্দুল জলিল মণ্ডলকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, শাপলা চত্বর সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটিও প্রক্রিয়াধীন রয়েছে।
আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি কর্মজীবনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশের সাবেক এই কর্মকর্তা একজন বীর মুক্তিযোদ্ধা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলাও রয়েছে, যা ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর করা হয়।


