কানের লালগালিচায় বেনারসি শাড়ি ও সিঁদুরে ঐশ্বরিয়া

কানের লালগালিচায় বেনারসি শাড়ি ও সিঁদুরে ঐশ্বরিয়া
কান উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন । ছবি: ইনস্টাগ্রাম
Advertisement
Advertisement

সাদা বেনারসি শাড়ির সঙ্গে লাল চুনির কয়েক ছড়া মালা। খোলা চুলে মাঝামাঝি সিঁথি কেটে মাখা চওড়া সিঁদুর। ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এমন সাজে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় এলেন। যথারীতি তাকে ঘিরে ক্যামেরার ঝলকানি চললো।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এবারের আসরে মূল প্রতিযোগিতায় থাকা ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচায় হাজির হন ঐশ্বরিয়া। যথারীতি ফরাসি সৌন্দর্য প্রসাধনীর ব্র্যান্ড লরিয়াল প্যারিসের দূতিয়ালি করেছেন ৫১ বছর বয়সী এই তারকা।

ভারতের পাহেলগ্রামে হামলার জেরে সম্প্রতি পাকিস্তানের কাশ্মির ও কয়েকটি অঞ্চলে ক্ষেপনাস্ত্র হামলা চালায় দেশটি। ভারতের এই সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন সিন্দুর (সিঁদুর)’। এর জবাবে পাকিস্তান পাল্টা বিমান ও ড্রোন হামলা চালালে দু’দেশের মধ্যে যুদ্ধাবস্থা দেখা দেয়। তবে দ্রুতই মার্কিন হস্তক্ষেপে দু’দেশই যুদ্ধ বিরতিতে যায়।

এমন  আবহে রাইজীর সাজ-পোশাক, বিশেষত কপালে জ্বলজ্বলে সিঁদুর– ভিন্ন আভাস দেয়। অবশ্য ব্যক্তিজীবনের টানাপোড়েনের অবসানও হতে পারে এটি।

 

আরও পড়ুন

কান উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন । ছবি: ইনস্টাগ্রাম

ঐশ্বরিয়ার এই বেনারসি শাড়ি তৈরি করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এটি হাতেবোনা কাড়ওয়া বেনারসি শাড়ি। কাড়ওয়া হলো বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি। সেজন্যই এই বেনারসির নাম ‘কাড়ওয়া’। হিন্দিতে ‘কাড়ওয়া’ শব্দের অর্থাৎ কড়া বা কঠিন। বুনন পদ্ধতিটি কঠিন হওয়ার কারণ, এর প্রতিটি বুটি আলাদাভাবে বোনা হয় হাতে। তাই এমন বেনারসি বুনতে সময় ও পরিশ্রম লাগে অনেক বেশি। ফলে কাজ হয় অনেক সূক্ষ্ম।

কান উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন । ছবি: ইনস্টাগ্রাম

মনীষ মালহোত্রা উল্লেখ করেছেন, ভারতীয় তাঁতিদের প্রতি সম্মান জানাতে কাড়ওয়া বেনারসি শাড়ি পরেছেন অ্যাশ। শাড়িটিতে রুপা ও রোজ় গোল্ডের জড়ি ব্যবহার করে বোনা হয়েছে একেকটি বুটি। তার ওপর সোনা-রুপার জরি দিয়ে বুনে করা হয়েছে সূক্ষ্ম জারদৌসি কাজ। শাড়িতে নাটকীয়তা আনতে জুড়ে দেওয়া হয়েছে একটি সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। সোনা-রুপার জরির নকশা দিয়ে ওড়নার পাড় বোনা হয়েছে। সাদা বেনারসির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা ও একটি বড় হীরার গয়না পরেছেন ঐশ্বরিয়া।

কান উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন । ছবি: ইনস্টাগ্রাম

এদিকে, আগেই বলা হয়েছে, ঐশ্বরিয়ার সিঁদুর এখন ব্যাপক আলোচনায়। কারণ অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে তার বৈবাহিক জীবনে অশান্তি নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে কিছুদিন ধরে। তাছাড়া ভারতীয় সেনা বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ অভিযান তো আছেই। দেশপ্রেমের বার্তা ছাড়াও ভক্তদের অনেকের ধারণা, ব্যক্তিজীবন নিয়ে নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দিতেই সিঁদুর পরেছেন তিনি। নিজের দাম্পত্য জীবন যে ঠিকঠাক আছে সেই বার্তাই দিতে চেয়েছেন অ্যাশ। কারণ ভারতীয় সংস্কৃতিতে বিবাহিত নারীরাই সিন্দুর পরে থাকেন।

কানে বিলাসবহুল হোটেলের ব্যালকনির সামনে ঐশ্বরিয়া রাই বচ্চন । ছবি: ইনস্টাগ্রাম

২৩ বছর পর আবারও ফরাসি উপকূলীয় শহরে শাড়ি পরে হাজির হলেন ঐশ্বরিয়া। এ নিয়ে ২২ বার কানের লালগালিচায় পা পড়লো তার। ২০০২ সাল থেকে উৎসবে জৌলুস ছড়িয়ে এসেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। ২৩ বছর আগে কানে নিজের অভিষেকেই শাড়ি পরেন তিনি। এরপর আর শাড়িতে দেখা যায়নি তাকে। বরাবরই বিভিন্ন ডিজাইনের গাউন বেছে নিয়েছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad