কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন গভর্নর নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এই খবর আনুষ্ঠানিকভাবে না জানলেও বিভিন্ন গণমাধ্যমের বরাতে জেনেছেন বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর।
আর তা জানার পরপরই বুধবার দুপুর ২টার দিকে কার্যালয় ছেড়ে চলে যান তিনি।
যাওয়ার সময় বলেন, ‘পদত্যাগপত্র জমা দেইনি। নতুন গভর্নর নিয়োগের বিষয়টি গণমাধ্যমে দেখেছি। তাই বাসায় যাচ্ছি।’
তিনি চলে যাওয়ার পর মব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকেও কার্যালয় থেকে বিদায় করেন ব্যাংকটির বিক্ষুব্ধ কর্মকর্তারা।
জুলাই গণঅভ্যত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে।
৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পদে রদবদল করতে থাকে। এরই ধারাবাহিকতায় সরকার গঠনের ছয়দিনের মাথায় ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসার এইচ মনসুরকে নিয়োগ দেওয়া।
এবার বিএনপি সরকারের ক্ষমতায় আসার নয়দিনের মাথায় তাকেও সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো।
অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
অর্থমন্ত্রণালয়ের উপ-সচিব পদ মর্যাদার দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রবাসে থাকা এক বাংলাদেশির নাম প্রস্তাব আকারে পাঠানো হবে প্রধানমন্ত্রীর দপ্তরে। এই প্রস্তাবে এরই মধ্যে সায় দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গভর্নরকে সরিয়ে দেওয়ার গুঞ্জন এমন সময়ে উঠলো যখন কেন্দ্রীয় ব্যাংকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দিতে আন্দোলন করছেন কর্মকর্তারা।
মঙ্গলবার তিন কর্মকর্তাকে কারণ দর্শাও নোটিশ ও বদলির ঘটনায় বেলা ১২টায় কেন্দ্রীয় ব্যাংকে তারা প্রতিবাদ সমাবেশ করেন।


