মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে প্রবাসীর স্ত্রী শেখা আক্তার ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ বিষপানে আত্মহত্যা করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন–জেলার হরিরামপুর উপজেলার মালয়েশিয়া প্রবাসী শাহিন দেওয়ানের স্ত্রী শেখা আক্তার (২৯) এবং তাদের ছেলে আলভী (১১) ও মেয়ে সাইফা (২)।
স্থানীয়রা জানান, পশ্চিম বান্দুটিয়ার রাহাত সালমানের ফ্ল্যাটে ভাড়া থাকতেন শেখা আক্তার। আগস্ট মাসে ওই ফ্ল্যাট ভাড়া নেন তিনি। মঙ্গলবার সকালে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর বিদ্যুতের বিল দিতে গেলে তাদের কোনো সাড়া-শব্দ পাননি। দীর্ঘসময় ধরে তাদের ডাকাডাকি করে সাড়া না পেয়ে ৯৯৯-এ কল করা হয়। পরে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।
জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
মৃত শেখা আক্তার শাহিন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী। ছেলে আলভী তার প্রথম স্ত্রীর সন্তান বলেও জানান তিনি।


