প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, ‘পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী হয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অফিস খুলছে এবং এ বিএনপির অবস্থান কী- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আবদুল মঈন খান বলেন, ‘আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে… ১৯৭১ এর কালো রাতে যখন পাকবাহিনী হায়নার মতো দেশের নিরহ মানুষ উপরে ঝাপিয়ে পড়েছিল সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল।’
একদলীয় বাকশাল শাসন, জনগণের ওপর পাথরের মত যা আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না বলেও জানান তিনি। মঈন খান বলেন, ‘বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন , আমরা আইনের শাসনে বিশ্বাসী।’
বিএনপি বারবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।’
আওয়ামী শাসনের পতনের জেরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে পরে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছেন মন্তব্য করে আব্দুল মঈন খান বলেন, ‘তারেক রহমান এবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি।’
এ সময় তার সঙ্গে ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল খান, নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য মন্ত্রী), নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন।


