বিএনপির জয় হলে ১৩ ফেব্রুয়ারি থেকে উন্নয়ন শুরু হবে: সালাহউদ্দিন

বিএনপির জয় হলে ১৩ ফেব্রুয়ারি থেকে উন্নয়ন শুরু হবে: সালাহউদ্দিন
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ। সোমবার চকরিয়া উপজেলার চকরিয়া বাসস্টেশনে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ১৩ ফেব্রুয়ারি থেকে দেশে উন্নয়ন কার্যক্রম শুরু হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।

সোমবার চকরিয়া উপজেলার চকরিয়া বাসস্টেশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে এবং সারা দেশের মানুষ বিশ্বাস করে জনগণের ভোটে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। সরকার প্রতিষ্ঠা হলে ১৩ ফেব্রুয়ারি থেকে এ দেশের উন্নয়ন শুরু হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছুটা দুর্বলতার সুযোগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। কিন্তু সব দোষ বিএনপির ওপর দিয়ে একটি দল প্রপাগান্ডা ছড়িয়েছে।’

ভোটের পর দলের কেউ অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিচার করা হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতার ইতিহাস নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস বলা শুরু করছে এবং স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্ক করছে একজন মুক্তিযোদ্ধাকে ভাড়ায় এনে। অথচ তারাই একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, দেশের মা-বোনদের পাকহানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘তাদের মুখে এই বিকৃত ইতিহাস শোনা আমাদের দেশ ও মুক্তিযোদ্ধাদের জন্য বড়ই দুর্ভাগ্য।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। দেশের মানুষ দোয়া করেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি বাকি জীবনে দেশের মানুষের সেবা করতে চাই।’

তিনি বলেন, ‘আমি মনে করি আমার জন্মই হয়েছে মানুষের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র রক্ষার জন্য। আল্লাহ আমাকে নতুন জীবন দান করেছেন। আমি মনে করি এটা আমার বর্ধিত হায়াত। এই বাকি হায়াতে আমি আপনাদের সেবা করতে চাই। যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল এবং গণঅভ্যুত্থানে আমাদের সন্তানেরা শহীদ হয়েছিল, সেই বাংলাদেশ নির্মাণ করতে চাই।’

বিএনপি এমন একটি দেশ গড়তে চায়, যেখানে ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার আদায়ের জন্য আর কাউকে রক্ত দিতে হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সুশাসন, বৈষম্যহীনতা, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপির এই প্রার্থী।

জনসভায় সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ, ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad