আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ অভিশাপমুক্ত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার বিকালে খুলনার সার্কিট হাউজ মাঠের জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘১৩ ফেব্রুয়ারি অভিশাপমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে কর্মসংস্থানে মামা-খালু লাগবেনা। মানুষ-মাটি-মা সবকিছু নিরাপদ থাকবে।’
আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে উৎসাহ উদ্বুদ্ধ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘গণভোটে “হ্যাঁ” ভোট মানে আজাদী, “না” ভোট মানে গোলামি। সবাই “হ্যাঁ” ভোটের সিল মারবেন।’
তিনি জানান, একটি দল জনগণের ঘাড়ে হাত ও পিঠে চাবুক মারতে পারবে কিন্তু হৃদয় জয় করতে পারবে না।
এ সময় ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে খুলনার জলাবদ্ধতা দূর করে ক্ষতিগ্রস্ত কৃষি ব্যবস্থা উন্নত ও বন্ধ জুট মিল চালু করবে বলেও আশ্বাস দেন এই নেতা।
খুলনা জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে আয়োজিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


