আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গুলশান শাখায় উদ্বোধন করা হলো কাজী সালাহউদ্দিন আহমেদের ‘সিটি অব মেমোরিস’ শীর্ষক একক মিনিয়েচার চিত্র প্রদর্শনীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চিলির কনসাল আসিফ এ. চৌধুরী। প্রদর্শনীতে শিল্পীর একশ চল্লিশটি মিনিয়েচার চিত্রকর্ম স্থান পেয়েছে।
পুরান ঢাকা, মুঘল আমল থেকে প্রোথিত, একসময় বাণিজ্য, সংস্কৃতি ও নগরজীবনের প্রাণকেন্দ্র ছিল। সংকীর্ণ গলি, যৌথ প্রাঙ্গণ এবং পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য এখানে গভীরভাবে রয়ে গেছে, তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং আধুনিক কংক্রিটের বহুতল স্থাপনার ফলে এই ঐতিহাসিক নগর ক্রমশ তার রূপ হারাচ্ছে। কাজী সালাহউদ্দিন আহমেদ মুঘল মিনিয়েচার চিত্রকলার সূক্ষ্ম বর্ণনাশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে এই হারিয়ে যেতে থাকা পুরান ঢাকার জগতকে তার এ প্রদর্শনীতে তুলে এনেছেন।
১৯৮৭ সালে প্রথম প্রদর্শনীর মাধ্যমে শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের শিল্পজীবনের সূচনা। তিনি দেশ-বিদেশে বহু দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং প্রায় ৩০টি একক প্রদর্শনী আয়োজন করেছেন—বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নেপাল, ইরান এবং যুগোস্লাভিয়ায়।
প্রদর্শনীটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রদর্শনী প্রতিদিন (সোমবার–শনিবার) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।


