মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন
মিরপুরে আগুন। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় দুইটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি  রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাত তলাবিশিষ্ট। এর চার তলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার আগুনটি মোটামুটি নিভিয়ে ফেলেছি। রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।’

‘খবর পেয়ে প্রথম দফায় পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। পরে আরও দুইটি যুক্ত হয়। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে’ বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এমনকি আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে খবরও আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি।’

মিরপুরে আগুনে আহত একজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

প্রত্যক্ষদর্শী পাশের রাইজিং গ্রুপের ফায়ার সেফটি অফিসার ফজলুল হক বলেন, আগুন লাগার পরই কারখানার সবাইকে সরিয়ে নেওয়া হয়। পর্যাপ্ত পানি না থাকায় শুরুতে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হয়।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী, গার্মেন্টস ও কেমিক্যাল কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় কেমিক্যাল কারখানা থেকে বিস্ফোরণের মাধ্যমে রাস্তার অন্যপাশের গার্মেন্টসে ছড়িয়ে পড়ে। স্থানীয় উৎসুক জনতার জন্য কার্যক্রমে বেগ পোহাতে হচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের।

ঘটনাস্থলে গিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পক্ষ থেকে এখানে এসেছি। ক্ষয়ক্ষতির ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে কথা বলে আমরা পদক্ষেপ নেবো। আবাসিক এলাকায় এমন কেমিক্যাল কারখানা থাকা কতটা যৌক্তিক এটাও বড় প্রশ্ন।’

দ্বায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এরকম কারখানা সরিয়ে ফেলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আহত দুইজন বার্ন ইন্সটিটিউটে

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, তারা হলেন, সুরুজ (৩০) ও মামুন (৩৫)। সুরুজের শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। অতিরিক্ত ধোঁয়ায় দুজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাদেরকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু সময় পর তাদের ছেড়ে দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad